
ভালুকায় ১৩ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার, অন্তঃসত্ত্বা কিশোরী
নিজস্ব প্রতিবেদক।
ময়মনসিংহের ভালুকায় নিজের ১৩ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে আব্দুল মোতালেক (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার (১০ অক্টোবর) গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার (৯ অক্টোবর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল মোতালেক ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কামারগাঁও গ্রামের বাসিন্দা। তিনি ভালুকা উপজেলার কাঠালী এলাকায় ভাড়া বাসায় থেকে রাজমিস্ত্রির কাজ করতেন।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবারের সূত্রে জানা যায়, কিশোরীটি ঢাকার কলাবাগান থানা এলাকায় একটি বাসায় গৃহকর্মীর কাজ করত। গত ২২ মে ছুটিতে বাবার সঙ্গে ভালুকার কাঠালী এলাকায় আসে সে। পরে ২৫ জুন আবার ঢাকায় গিয়ে কাজে যোগ দেয়।
সম্প্রতি কিশোরীর শারীরিক অবস্থার পরিবর্তন দেখে সন্দেহ হয় তার কর্মস্থলের বাসার মালিকের। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে কিশোরী জানায়, কাঠালীতে অবস্থানকালে তার বাবা জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ। বিষয়টি জানার পর বাসার মালিক কিশোরীর মা-বাবাকে ডেকে পাঠান এবং কলাবাগান থানা পুলিশের সহায়তা নেন।
পরে অভিযুক্তকে কলাবাগান থানা থেকে ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় কিশোরীর মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
ভুক্তভোগীর মা অভিযোগ করে বলেন, তার স্বামী মেয়েকে ঢাকা থেকে বেড়ানোর কথা বলে ভালুকায় নিয়ে আসেন। পরে এক মাসের মতো সেখানে রাখার পর আবার ঢাকায় কাজে পাঠান। জীবিকার প্রয়োজনে তিনি দিনের বেশির ভাগ সময় বাইরে থাকতেন। এ সুযোগে ভাড়া বাসায় মেয়েকে একা পেয়ে তার স্বামী একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ করেন তিনি। মেয়ের এমন পরিণতির জন্য অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, অভিযুক্তকে পুলিশের হেফাজতে নেওয়ার পর ভুক্তভোগীর মায়ের করা মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
Leave a Reply