
সখীপুরে মায়ের হামলায় ২ বছরের শিশু নিহত, আশঙ্কাজনক ৮ বছরের কন্যা
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে মায়ের হামলায় দুই শিশু গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় দুই বছরের এক শিশু নিহত হয়েছে। গুরুতর আহত আট বছরের অপর শিশুকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার ১০ নম্বর বড়চওনা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খালিয়ারবাইদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম আসরাফুল (২)। আহত তার বোন সিদরাতুল (৮)। এ ঘটনায় শিশু দুটির মা আকলিমা বেগমকে আটক করেছে পুলিশ।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শাহিন মিয়া (৪৭) দুই স্ত্রীকে নিয়ে ওই এলাকায় বসবাস করেন। প্রথম স্ত্রী নাছিমা খাতুনের বাড়ি সখীপুরের খালিয়ারবাইদ এলাকায়। অপর স্ত্রী আকলিমা বেগমের বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার সোনাখালী গ্রামে। ঘটনার সময় আকলিমা তার দুই সন্তান সিদরাতুল ও আসরাফুলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।
পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দুই শিশুকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই বছরের শিশু আসরাফুলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সিদরাতুলকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সীমানা নিয়ে জটিলতা
ঘটনাস্থলটি সখীপুর ও ভালুকা উপজেলার সীমান্তবর্তী এলাকায় হওয়ায় ঘটনার পর প্রাথমিকভাবে কোন থানার পুলিশ আইনগত ব্যবস্থা নেবে, তা নিয়ে কিছুটা জটিলতা দেখা দেয়। ভালুকা ও সখীপুর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে ঘটনাস্থল সখীপুর থানার আওতাধীন বলে নিশ্চিত হলে সখীপুর থানা পুলিশ তদন্ত ও আইনগত কার্যক্রম শুরু করে।
পুলিশ অভিযুক্ত আকলিমা বেগমকে আটক করেছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার বিস্তারিত কারণ তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply