
ভালুকায় শিক্ষককে হামলা ও কিশোরী মেয়েকে অপহরণের প্রতিবাদে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক।
ময়মনসিংহের ভালুকায় শিক্ষক মোস্তাক আহমেদ খানের ওপর হামলা ও তাঁর কিশোরী মেয়েকে অপহরণের অভিযোগে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী। এ সময় বক্তারা অভিযুক্ত সাকিল, রেদোয়ানসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার নিশিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে দুপুরে উপজেলা সদরের গফরগাঁও সড়কেও একই দাবিতে মানববন্ধন করেন শিক্ষকরা।
নিশিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশিদা খাতুনের সভাপতিত্বে এবং লিটন মাস্টারের সঞ্চালনায় মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা বক্তব্য দেন।
বক্তারা অভিযোগ করেন, কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত সাকিল ও রেদোয়ানসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের হামলার শিকার হয়েছেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাক আহমেদ খান। একই ঘটনায় তাঁর কিশোরী মেয়েকে অপহরণের অভিযোগও তোলেন তাঁরা।
এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান বক্তারা।
Leave a Reply